বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি মেস কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বদ্ধ কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বলেন, মরদেহের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা কি না, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
kalprakash.com/IM