সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৩:৪৫

রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:১০
শেয়ার: mail
রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর জিএস সালাহউদ্দিন আম্মার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, আমরা মনে করি, আমরা বিচার পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি সন্তুষ্ট। সেই প্রেক্ষিতে এই মুহূর্ত থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। ৬ আগস্টের পর এ বিষয়ে আবারও বিস্তারিত তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচির কারণে অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। এজন্য আমরা তাদের কাছে ক্ষমাপ্রার্থী। একটি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা তাদের চার থেকে পাঁচ ঘণ্টা সময় নিয়েছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীকে যে হেনস্তা করা হয়েছিল, তার শাস্তি নিশ্চিত করা গেছে। শিক্ষার্থীদের বাকি দাবিগুলোও মেনে নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের দ্রুত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাই।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দীন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার সময় ট্রেনের টিটিইর অনৈতিকভাবে ঘুষ নেওয়ার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত টিটিই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ফোরকান উদ্দীন।

পরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ও কয়েকজন শিক্ষার্থী বিষয়টি রেলওয়ে স্টেশনে জানালেও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে সুষ্ঠু বিচারের দাবিতে রেললাইন অবরোধ করেন।

রেললাইন অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানায়।

এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করলে শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বৈঠকে বসেন।

বৈঠকে অভিযুক্ত টিটিইকে সাময়িক বরখাস্ত, উচ্চতর তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটি এবং ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি কমিটি গঠন, ভুক্তভোগী শিক্ষার্থীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রাথমিকভাবে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সার্বিক বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে আরেকটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বলেন, গত রাতে পদ্মা এক্সপ্রেসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের চারটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি গভীর রাতে রাজশাহীতে প্রবেশকারী ট্রেনগুলোকে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হোক, সেটিই আমরা চাই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward