বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:০২:০৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, নবম রাতেও ইরানে মার্কিন সামরিক অভিযান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, নবম রাতেও ইরানে মার্কিন সামরিক অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে ইরানের ওপর আরও এক দফা হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সিরিয়ার একটি শত্রু নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে। নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এ অভিযানের লক্ষ্য।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে সেটি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের অংশ হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবে সিরিয়ার আল-তানফ এলাকায় শত্রুপক্ষের বিশেষ অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রে আকস্মিক হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার ইরান দাবি করে, চলমান সংঘাতের জবাবে তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই দিনে জর্ডানও জানায়, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward