যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহি শফিউল আলম।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তিনি আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “আমাদের একজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে সিপাহি শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের মধ্যে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। আহত সিপাহির দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বেনাপোল প্রতিনিধি 
















