রাজধানীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি লেখেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি ছিলে তোমার মা-বাবা ও পরিবারের স্বপ্ন ও ভালোবাসার এক অপূরণীয় অংশ।
হত্যাকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির আরও বলেন, তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং নরপশু হত্যাকারীর দ্রুত শাস্তি দেখতে চাই।
পোস্টের শেষাংশে তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে রামিসার জন্য জান্নাত কামনা করেন এবং তার স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।
সম্প্রতি শিশু রামিসাকে হত্যা করার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। একইসঙ্গে হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হচ্ছে।
অনলাইন ডেস্ক 

























