ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) তিনি নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।
নিজের পোস্টে তিনি লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। বিইউপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালেও তিনি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন না বলে জানান।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর তাকে ফোন করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন বলে জানান তিনি। নিজের ছোট পরিসরের অবস্থান থেকে এত বড় দায়িত্ব পাওয়া নিয়ে তখন তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি ও নতুন আশা-আকাঙ্ক্ষার সময় নিজের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কিছু করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন। দায়িত্ব পালনের সময় প্রক্টর ও তার টিমের কাছ থেকে ধৈর্য, দায়িত্বশীলতা ও পরিস্থিতি মোকাবেলার শিক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শেহরীন মোনামি তার পোস্টে আরও জানান, দায়িত্বকালে নিজের কাজের সফলতা বা ব্যর্থতা নিয়ে আলাদা কোনো মূল্যায়ন তিনি করতে চান না, তবে একটি ভালো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
সবশেষে তিনি নতুন প্রক্টরকে অভিনন্দন জানিয়ে তার পোস্ট শেষ করেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 























