সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং রিসোর্স সংকটের কারণে দেশ বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আরলা ফুড বাংলাদেশের হেড অব করপোরেট আনোয়ারুল আমিন।
সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে আয়োজিত অবৈধ পণ্যের দৌরাত্ম্য, ব্যবসায়ীদের সংকট ও করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল আমিন বলেন, কাস্টমসে জনবল ও রিসোর্সের ঘাটতির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। আমদানির সময় কাগজপত্রের অসংগতি ও আন্ডার ইনভয়েসিংয়ের মতো অনিয়মের কারণে বড় ধরনের কারচুপি হচ্ছে। তার মতে, কাস্টমসে যে কাজ একদিনে সম্পন্ন করা সম্ভব, তা ছাড়পত্র পেতে তিন থেকে চার দিন লেগে যাচ্ছে, যার ফলে কমপ্লায়েন্স ঝুঁকি ও রাজস্ব ফাঁকি বাড়ছে।
তিনি আরও বলেন, একটি পণ্য ছাড়াতে চার থেকে পাঁচটি সংস্থার অনুমোদন প্রয়োজন হয়, যা প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
অবৈধ পণ্যের প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সতর্কতার অভাবে নকল ও অননুমোদিত পণ্য বাজারে ঢুকে পড়ছে। কিছু ব্যবসায়ী বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল পণ্য বা চায়না পণ্য ঢুকিয়ে দিচ্ছে, যা নিয়ন্ত্রণে নজরদারি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, রাজস্ব ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কোনো বৈধ তথ্যভান্ডার নেই। এ বিষয়ে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সরকারকে সহায়তা করা প্রয়োজন। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 






















