ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা আজ রোববার শপথ নিচ্ছেন। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে। আসন বণ্টনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের জোট পেয়েছে ১২টি আসন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মাধবী মারমাসহ আরও অনেকে। অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে আছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, নাজমুন নাহার, মাহফুজা হান্নান ও মাহবুবা হাকিম।
এদিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
নতুন এই নারী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
kalprakash.com/SAS
কাল প্রকাশ ডেস্ক 



















