পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে।
পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন আব্বাস আরাঘচি। আঞ্চলিক পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এসব বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ইসলামাবাদে আসছেন। শনিবার তারা ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
সূত্র: বিবিসি ও দ্য ডন
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























