বিশ্ববাজারে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে এ প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার (১৩ এপ্রিল) রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সময়ে জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণে বিনিয়োগ কমেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে। ওয়াটারার আরও বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়াতে পারে—এই প্রত্যাশাও স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামও কমেছে। রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলার। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 























