বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল ২০২৬ মালয়েশিয়ার পুত্রাজায়ায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় চালু, নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো’ শ্রী রামানান রামাকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ড. আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশ দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। শ্রম অভিবাসনকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত করতে স্বচ্ছ ও বাস্তবভিত্তিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো এবং অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
মালয়েশিয়া একটি প্রযুক্তিনির্ভর, এআইভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে, যার লক্ষ্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা এবং কর্মীদের জন্য শূন্য খরচ নিশ্চিত করা—যেখানে নিয়োগের পুরো ব্যয় বহন করবে নিয়োগকর্তা। বাংলাদেশ এই উদ্যোগে সমর্থন জানিয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এছাড়া মানবপাচারসংক্রান্ত চলমান আইনি বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় দেশ আইনের শাসন, জবাবদিহিতা ও দ্রুত বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদ প্রদান এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয় দুই দেশ।
বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ প্রতিনিধি দলকে আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানানো হয়।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 






















