নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রস্তাব পেলেও অভিনয় করতে রাজি হননি। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিপাশা হায়াত বলেন, “যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।”
তিনি আরও যোগ করেন, “আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিক দুই দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।”
‘বনলতা এক্সপ্রেস’ দেশে সাফল্য পাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য সিনেমাটি দেখানো হচ্ছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। নেটিজেনরা মনে করছেন, ব্যবসার দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের সফল ছবি ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যাবে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























