জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা আরও ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। সংশ্লিষ্ট বিলগুলোতে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব ছিল না, তাই এগুলো সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি পরবর্তীতে শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটি মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করেছে। আইনমন্ত্রী পাসের প্রস্তাব দিতে গিয়ে বলেন, বর্তমান সরকার গুমের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধারা অনুসারে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল, রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত কয়েকটি বিল।
স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তিনটি বিল সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল পাস হয়। উত্থাপনের সময় সালাহউদ্দিন আহমদ হালকাভাবে বলেন, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে।
পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ পাসের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























