কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’-এর উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আজ নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তোমরা অনেক মেধাবী। শতাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে তোমরা এখানে ভর্তি হয়েছো। ১২ তারিখে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যেন এমন কিছু না করো যাতে তারা বিপদে পড়ে; বরং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিও।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “১৯তম ব্যাচের সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু জীবিকা অর্জনের জন্য উচ্চশিক্ষা দেয় না; বরং একটি সফল জাতি গঠনের জন্য শিক্ষা প্রদান করে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন, তাদের প্রতি শুভকামনা—তারা যেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।”
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “নবীনদের সবাইকে শুভকামনা জানাই। তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছো। একই সঙ্গে অনেক শিক্ষার্থী বিদায় নিচ্ছো। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্ব দরবারে তুলে ধরবে—এই প্রত্যাশা করি।”
বাবলু দেব, কুবি প্রতিনিধি 





















