কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রত্নতত্ত্ব বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ১ম (২০১৩–১৪ সেশন) ব্যাচের শিক্ষার্থী কাজী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২য় (২০১৪–১৫ সেশন) ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান বিভাগের প্রভাষক মো. ওবায়দুর রহমান।
সোমবার (৩০ মার্চ) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সদস্যদের অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। অ্যালামনাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমরা নিয়মিত কার্যক্রম, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে কাজ করব। সংগঠনের সবার সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।”
নবনির্বাচিত সভাপতি কাজী কামরুল হাসান বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠনকে আরও শক্তিশালী, সক্রিয় এবং কার্যকর করতে আমরা সবাই মিলে কাজ করব।”
তিনি আরও বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়নে সহায়তা এবং বিভাগের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি। পাশাপাশি আমাদের আহ্বায়ক কমিটি অত্যন্ত আন্তরিকভাবে অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন করে বর্তমান কমিটি ঘোষণা করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
বাবলু দেব, কুবি প্রতিনিধি 























