বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত ছয় দিনের ক্লাস চলবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জোড়-বিজোড় দিন অনলাইন এবং অফলাইনে ক্লাস নেওয়া হবে। তবে প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই সশরীরে নিতে হবে।
অফলাইন ক্লাসেও শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকে পাঠদান করবেন। ঢাকার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আগামীকাল বুধবার এক জরুরি সভা ডাকা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই নিয়ম শুধু ঢাকা শহর এলাকায় প্রযোজ্য হবে কি না, তা পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীর পাঠদান সমন্বিত ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 






















