চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসি জানায়, সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের আশপাশের ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেন।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ কর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজে বাড়তি ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে পুরো এলাকা আর্দ্র রাখা এবং নিরাপত্তা জোরদার করা হয়।
বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কাছাকাছি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকশ মিটার দূর থেকেও এর কম্পন অনুভূত হয় এবং অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত উদ্ধার, আহতদের চিকিৎসা নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের কারণে তার বাড়ির কাচ ভেঙে গেছে, জানালার ফ্রেম বেঁকে গেছে এবং দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজন জানান, আতঙ্কে তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।
লিউইয়াং শহরটি মূলত আতশবাজি উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে একে বিশ্বের বৃহত্তম আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবেও উল্লেখ করা হয়।
তবে চীন-এ আতশবাজি কারখানা ও দোকানে বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। নিয়মিত বিরতিতেই এমন দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় তা প্রাণঘাতী হয়ে ওঠে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 






















