আকস্মিকভাবে রাজধানীর রমনা থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) সকাল ১১টার পর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় উপস্থিত হন।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন অংশ, হাজতখানা ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি থানাগুলোকে দালালমুক্ত ও আরও জনবান্ধব করার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মন্ত্রী প্রায় কিছু সময় থানায় অবস্থান করেন এবং বিচারপ্রার্থী মানুষ ও আটক আসামিদের সুরক্ষা ও সেবার মান উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, মন্ত্রী থানার সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন। তিনি থানায় আসা সেবাগ্রহীতাদের আরও ভালো সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী থানাটি ত্যাগ করেন বলে জানা গেছে।