রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৬:৪৯

ক্লাসে ঢুকতে দেরী করলেই শিক্ষককে গুণতে হবে ৬০০ টাকা জরিমানা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
ক্লাসে ঢুকতে দেরী করলেই শিক্ষককে গুণতে হবে ৬০০ টাকা জরিমানা

তেজগাঁও কলেজ | (ছবিঃ সংগৃহীত)

রাজধানীর তেজগাঁও কলেজে শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে কলেজ প্রশাসন নতুন একটি উদ্যোগ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষক নির্ধারিত সময়ের ৮ মিনিট পরে ক্লাসে প্রবেশ করলেই তাকে গুণতে হবে ৬০০ টাকা জরিমানা।

কলেজ সূত্র জানায়, শুরুতে দেরিতে ক্লাসে আসার জন্য ১,০০০ টাকা জরিমানার নোটিশ দেয়া হয়েছিল। তবে পরে গভর্নিং বডির সভায় বিষয়টি পর্যালোচনা করে জরিমানার পরিমাণ কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়, যাতে এটি কার্যকর হওয়ার পাশাপাশি বাস্তবসম্মতও থাকে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্লাসে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ আসছিল। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধান এবং একাডেমিক শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, নতুন এ নিয়ম শিক্ষকদের সময়নিষ্ঠা বাড়াতে সহায়ক হবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পূর্ণ ক্লাস করতে পারবে। এতে সামগ্রিক শিক্ষার মান উন্নয়নের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় কলেজ কর্তৃপক্ষ বিভাগগুলোতে বৈদ্যুতিক চুলা ব্যবহার বন্ধ রাখা এবং সীমিত পরিসরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালানোর নির্দেশ দিয়েছে। এসব উদ্যোগকে সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

অন্যদিকে, কলেজ প্রশাসন জানিয়েছে—শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেও ভবিষ্যতে অনুরূপ শৃঙ্খলামূলক ব্যবস্থা চালু করা হতে পারে। এ ক্ষেত্রে নিয়মিত ক্লাসে অংশগ্রহণে উৎসাহিত করতে জরিমানার বিধান বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এ সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছে। কয়েকজন শিক্ষার্থী জানান, এতে ক্লাস নিয়মিত হবে এবং সময়মতো পাঠদান নিশ্চিত হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তেজগাঁও কলেজে পড়াশোনার চেয়ে শিক্ষকদের মধ্যে রাজনীতির চর্চা বেশি দেখা যায়। তিনি মনে করেন, নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে একাডেমিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ক্লাসে ঢুকতে দেরী করলেই শিক্ষককে গুণতে হবে ৬০০ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে