সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৫:৩০
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২৩
শেয়ার: mail
বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের নানা ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে।

সশস্ত্র বাহিনীর ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন। পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

তিনি বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও গৌরবের প্রতীক তার সশস্ত্র বাহিনী। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দেশের সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করেছিল। পরবর্তী সময়ে ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত সেনা হত্যাকাণ্ডও দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল।

সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এ লক্ষ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো আধুনিক প্রযুক্তিতে সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত।

সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কল্যাণের পাশাপাশি তাদের পরিবারের জীবনমান উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে। বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

দেশের দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে বন্যা ও ঘূর্ণিঝড়কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ ও আহত হওয়া সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশ ও তাদের জনগণের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও আধুনিকায়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি ছিল তাঁর মায়ের জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে