দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর; আপা আপা করিস না, তোদের আপা আইবো না; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর।
এ সময় শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, যারা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও সাধারণ মানুষের ওপর আক্রমণ করে, তারা কখনো বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে না। তাদের বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তি কঠোর অবস্থানে থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আওয়ামী লীগের আস্তানা গুঁড়িয়ে দিতে সবাইকে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
শাখা ছাত্রশক্তির সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, আন্দোলন-পরবর্তী দুই বছরে দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গত দুই দিন ধরে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁরা মনে করছেন। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রশক্তি সব সময় সজাগ রয়েছে।
শাখার সভাপতি নিলয় বড়ুয়া বলেন, জুলাই-পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায়নি। তাদের যত বেশি প্রশ্রয় দেওয়া হবে, তারা তত বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। তারা মনে করবে, যেকাউকে হত্যা করলেও তাদের বিচার হবে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন তাঁরা। তা না হলে জনগণই তাদের বিচারের দায়িত্ব নেবে বলে মন্তব্য করেন তিনি।