সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আদালতের চূড়ান্ত রায় ও আদেশ উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খাস কালেকশনের ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কাও করছেন তাঁরা।
আদালতের রায় ও অভিযোগের প্রেক্ষাপট
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথপুর উপজেলার বাসুদেব চরণ মৌজার (জেএল নং ১৮৫, খতিয়ান নং ৪৮, দাগ নং ৩৭৩০ ও ৩৩৭৭) জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা নং ৪২৬/২০১৭ দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের রায় ভুক্তভোগীদের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা স্বত্ব মোকদ্দমা নং ১৪২/২০২১-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আদালতের আদেশ উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগ
বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, আদালতের রায় ও আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বঙ্গাব্দের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, গ্রাম: বাউধরন)-কে সংশ্লিষ্ট ভূমির ইজারা প্রদান করেছে।
এর আগে ২০২৫ সালের ১৬ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আদালতের রায় ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলে ১৪৩২ বঙ্গাব্দে ওই জমির খাস কালেকশন বন্ধ রাখা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো উপেক্ষা করে পুনরায় ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তাঁর লোকজন জমিটি দখলের চেষ্টা শুরু করেন। বর্তমানে এলাকায় নিজেদের ‘নব্য বিএনপি’ পরিচয় দেওয়া শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু হওয়ার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখল এবং তাঁদের দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র করছে।
প্রশাসনের বক্তব্য ও ভুক্তভোগীদের দাবি
এ বিষয়ে জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। পাশাপাশি সরকারি কৌঁসুলির (জিপি) মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এ পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, বিতর্কিত ইজারা বাতিল এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্র ও তাঁর পরিবার।
পাশাপাশি প্রকৃত মালিকানা নিশ্চিত করে তাঁদের জমি ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।