জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। একই দিনে পৃথক মামলায় আরও দুজনসহ মোট চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী এক কিশোর তাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি বাড়ির পেছনে নিয়ে যায়। অপর এক কিশোর এ সময় বাইরে পাহারায় ছিল। একপর্যায়ে প্রধান অভিযুক্ত কিশোর শিশুটির পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে এক ব্যক্তি দ্রুত এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ছেড়ে পালানোর চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ওই দুই কিশোরকে আটক করেন। পরে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা নম্বর ১১-এর অধীনে ধর্ষণচেষ্টার অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে, শিশুটির সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।