ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মো. গোলাম রসুল (৪৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এর আগে বুধবার রাতে ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ধামরাই দক্ষিণ পাড়া এলাকার জাবেদ মিয়ার ভাড়া বাসায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় গোলাম রসুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর তেররশিয়া গ্রামের মো. আরশাদ আলী ও জরিনা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধামরাই পৌর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানের বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, ধামরাই অঞ্চলকে মাদকমুক্ত করতে এ বিশেষ অভিযান চলমান রয়েছে। গোলাম রসুল একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ধামরাই ও এর আশপাশে সরবরাহ করতেন। ধামরাইকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ডিবির এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
kalprakash.com/IM