জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে এ রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করবেন। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার শুরু থেকেই চার আসামিই পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, হত্যার ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছয়জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। ওই দিনই ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।
kalprakash.com/IM