নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯)। তাঁরা দুজন সম্পর্কে ভাই।
এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতারণা করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী গন্ডবিল গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাটোরের লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
kalprakash.com/IM