সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্যাংকটির ওয়েবসাইট সচল পাওয়া গেছে। তবে ঠিক কয়টা নাগাদ এটি সচল হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। সাময়িক অসুবিধার জন্য জনতা ব্যাংক পিএলসি দুঃখ প্রকাশ করেছে।
সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও ব্যাংকটির ওয়েবসাইটে ‘অ্যাটাকের চিহ্ন’ পাওয়া যায়। এ কারণে ওয়েবসাইট সচল করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ রোববার দুপুর দেড়টা পর্যন্ত ওয়েবসাইটটি অচল পাওয়া যায়।
সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, তাঁদের ওয়েবসাইটে দুটি অ্যাটাকের চিহ্ন পাওয়া যায়। সেগুলো ঠিক করতে সময় লাগছে। ব্যাংকটির কর্মকর্তারা আজকের মধ্যে ওয়েবসাইট সচল করার আশ্বাস দিয়েছিলেন।
এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি বন্ধ ছিল। রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
kalprakash.com/IM