ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও পথসভা করেন তিনি।
নির্বাচনী এসব সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন এলাকার উন্নয়ন ও জনগণের নানা সমস্যা সমাধানের বার্তা তুলে ধরেন। উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ্য এই এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তবে এই অঞ্চলের অগ্রগতি কেউ আটকে রাখতে পারবে না।
বক্তব্যের একপর্যায়ে তিনি স্থানীয় কৃষকদের প্রধান সমস্যার কথা উল্লেখ করে বলেন, এলাকার কৃষকেরা সারের সংকটে ভুগছেন। তিনি প্রতিশ্রুতি দেন, সংসদে নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে কৃষকদের জন্য খোলাবাজারে পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা।
তিনি বিগত সময়ে বিএনপি আমলে এবং দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে এলাকায় অর্জিত নানা উন্নয়নের চিত্রও তুলে ধরেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ, ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ বা ৬০০ শয্যায় উন্নীতকরণ, ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রতিষ্ঠা, বিমানবন্দর চালুর উদ্যোগ এবং কোটি কোটি টাকার অবকাঠামোগত বরাদ্দের বিষয়গুলো তিনি উল্লেখ করেন। ইপিজেডের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ইপিজেড চালু হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে এবং এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
গণসংযোগ ও নির্বাচনী এসব সভায় দলটির স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। প্রার্থীর বক্তব্যে হাত তুলে সমর্থন প্রকাশ করেন ভোটাররা।
kalprakash.com/IM