নাটোরের লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মো. মিঠনের ছেলে। সে বিলমাড়িয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তামিম বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় ঘাট থেকে নদীতে লাফ দেওয়ার পর সে পানিতে তলিয়ে যায়। তাকে ডুবে যেতে দেখে ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করেন এবং খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন তামিমকে উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM