রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৬:০০
শিরোনাম
● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫

মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৫
শেয়ার: mail
মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান চালানো হচ্ছে।

নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য প্রতি পরিবারকে ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ পরিবার রয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযান ও মাছ ধরার বোটে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে তুলনামূলক বেশি অভিযান চালানো হচ্ছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ ও ১৪টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করতে না পারে, সে জন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কোস্ট গার্ড। সংস্থাটি জানিয়েছে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শুধু অভিযান নয়, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করার ওপরও গুরুত্ব দিচ্ছে কোস্ট গার্ড। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে জেলেদের বোঝানো হচ্ছে। এতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও বেশি পরিমাণে ইলিশ আহরণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ–সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

এ অভিযানের সফলতা নির্ভর করছে আইন প্রয়োগের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর।

এ বিষয়ে ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞায় ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এতে জেলেরাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ সময় জেলেদের জীবনযাত্রায় যাতে কষ্ট না হয়, সে জন্য সরকার খাদ্যসহায়তাও দিচ্ছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তবে ইলিশের প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন থেকে বাড়িয়ে এক মাস করা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে ইলিশ শিকারে নামেন। এ সময় কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চললে এবং মা ইলিশ রক্ষা করলে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড

বিস্তারিত কমেন্টে