হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষিভিত্তিক সংগঠন ‘শস্যবৃত্তের’ দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির সভাপতি হিসেবে নবনিযুক্ত এগ্রিকালচার ২০২২ ব্যাচের শিক্ষার্থী মো. জোবায়দুর রহমান জানান, একটি মহৎ উদ্যোগের মধ্য দিয়ে ‘শস্যবৃত্তের’ যাত্রা শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় কৃষি খাত বিপর্যস্ত হয়ে পড়লে হাবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘আফটার ফ্লাড ট্রান্সপ্লান্টিং’ (After Flood Transplanting) উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগের আওতায় বন্যাকবলিত অঞ্চলের কৃষকদের মাঝে ১ মিলিয়ন সবজি চারা এবং ৫ একর জমির সমপরিমাণ ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘শস্যবৃত্ত’।
নতুন কার্যনির্বাহী কমিটির লক্ষ্য সম্পর্কে সভাপতি বলেন, কৃষি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কৃষকদের সংযোগ স্থাপন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থা, কৃষিবিষয়ক বিভিন্ন কোম্পানির সঙ্গে সংযোগ তৈরি, আপৎকালীন সময়ে কৃষকদের পাশে দাঁড়ানো এবং সবুজ কৃষিতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ও সংগঠনের সব সাধারণ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক (জি এস) হিসেবে দায়িত্বপ্রাপ্ত এগ্রিকালচার ২০২৩ ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে রাব্বি শস্যবৃত্তের মতো মহৎ উদ্দেশ্যে গঠিত সংগঠনে কাজ করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শস্যবৃত্ত সংগঠনের ইতিহাস স্মরণ রেখে এর ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সেই সঙ্গে আমাদের সব সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি। আমরা সবাই মিলে কৃষির স্বপ্ন, কৃষকের কর্মকাণ্ডকে জানা এবং তাঁদের কর্মপদ্ধতিকে সহজ করার জন্য কাজ করে যাব।’
সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে কৃষি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি কৃষকদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ এবং কৃষকদের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি হলে তা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। একই সঙ্গে কৃষকের সমস্যা চিহ্নিত করা ও কৃষিবিষয়ক আধুনিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ‘শস্যবৃত্ত’ হাবিপ্রবির একটি কৃষিভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষি শিক্ষার্থীদের সঙ্গে কৃষকের সংযোগ স্থাপন, কৃষির উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং দুর্যোগকালীন সময়ে কৃষকদের সহায়তার মতো উদ্যোগের মাধ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।
kalprakash.com/IM