চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমদাদুল হককে পিটিয়ে হত্যা করেছেন এক যুবক। নিহতের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বুধবার রাতে উপজেলার নওদাবন্ডবিল গ্রামের নতুন বাসস্ট্যান্ড পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক (২২) আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। আটক নাইস খন্দকার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনু খন্দকারের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, বুধবার রাতে নাইস খন্দকার ও ইমদাদুল হক নওদাবন্ডবিল এলাকার নতুন বাসস্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নাইস ইমদাদুলকে উদ্দেশ করে বাজে মন্তব্য ও কটূক্তি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। ইমদাদুল বিষয়টি নাইসের মাকে জানান। এতে নাইস ক্ষিপ্ত হয়ে বাটাম দিয়ে ইমদাদুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে রক্তাক্ত জখম করেন। ইমদাদুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত যুবককে আটক করা হয়েছে।
kalprakash.com/IM