গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীও। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে আরও ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ফায়ার সার্ভিসের নতুন ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
kalprakash.com/IM