রাজধানীর ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ও বমির সমস্যা হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বিয়ে উপলক্ষে সেখানে খাবারের আয়োজনে অংশ নিয়েছিলেন বলে অতিথিরা জানিয়েছেন।
সেখানে অংশ নেওয়া পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “বিয়ের খাবার খাওয়ার পর আমাদের গাড়িচালকসহ সাতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। সবারই চরম পেট খারাপ ও বমি হচ্ছে। আমার আরও কয়েকজন পরিচিত এসেছিলেন। তাঁদের সবারই একই অবস্থা।”
অনুষ্ঠানে অংশ নেওয়া আরেকজন নওফেল আহমেদ তাঁর পরিবারের চার সদস্যসহ অসুস্থ হওয়ার কথা জানান। তিনি বলেন, “খাওয়ার সময় আমরা কোনো বাজে গন্ধ বা স্বাদ পাইনি। সবই ঠিক ছিল। কিন্তু খাওয়ার পর প্রথমে আমার স্ত্রী অসুস্থ হলেন, পরে আমি, আমার মা ও বাচ্চা অসুস্থ হলাম। সবারই ডায়রিয়ার মতো লক্ষণ আর বমি।”
স্ত্রীকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি। নওফেল বলেন, “সেখানে অংশ নেওয়া আত্মীয়স্বজনের মধ্যে যোগাযোগ হলে দেখা গেল, ওই দিন যাঁরা ওখানে খেয়েছেন, তাঁদের প্রায় সবাই অসুস্থ হয়েছেন।”
ফরচুন কনভেনশন হলের ব্যবস্থাপক শোয়েব হাসান বলেন, “আমাদের আট-দশ বছরের ক্যাটারিংয়ের ক্যারিয়ারে কখনো এমন হয়নি। এখন আমরা যাচাই করে দেখছি কোথাও কোনো ভুল হলো কি না।”
ভোজ আয়োজনে কাচ্চি বিরিয়ানি, বিফ রেজালা, চিকেন রোস্ট ও বোরহানি ছিল জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকটা আইটেম বাজার থেকে কিনে আনার পর অতিথিদের প্রতিনিধিকে দেখিয়ে নিয়েছি, এরপর সেগুলো রান্নার জন্য গেছে। আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করছি, কোথাও কোনো ভুল হলো কি না। আমরা ভিডিওগুলো দেখছি, তবে এ ধরনের ক্ষেত্রে সমস্যা খুঁজে বের করা খুব কঠিন। আমাদের গেস্ট বেঁচে যাওয়া কিছু খাবার নিয়ে গিয়েছিলেন। তাঁরা সেসব ল্যাব টেস্টে দিতে চেয়েছিলেন। ল্যাবের ফলাফল এলে হয়তো বিষয়টি সুনির্দিষ্টভাবে জানা যাবে।”
আয়োজনে কতজন ছিলেন, এ প্রশ্নে শোয়েব হাসান বলেন, “বুকিং ছিল ৩৫০ জনের। তবে কতজন খেয়েছেন সেটা পরে বলতে পারব। আর কতজন অসুস্থ হয়েছেন, সেই তথ্যও সুনির্দিষ্টভাবে আমাদের কাছে নেই।”
kalprakash.com/IM