ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়াসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, ট্যাংক, বিস্কুট, চকলেট, শিং মাছ, শাড়ি, অলিভ অয়েল, মদ, বিয়ার ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল।
রোববার (১১ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা।
অভিযানগুলো সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া বন্ধের পাশাপাশি মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধেও বাহিনীটির তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
kalprakash.com/IM