স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন্সের (ক্যাপ) উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
‘স্ক্রিনিং জীবন বাঁচায়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্যসচেতনতাবিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, সময়মতো স্তন ক্যান্সার শনাক্তকরণ ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। এ জন্য সামাজিক লজ্জা ও সংকোচ দূর করে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা তৈরি হবে, যা স্তন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। স্কুল-কলেজ থেকে শুরু করে বৃহত্তর পরিসরে এ কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নারীশিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ জন্য আমি সংশ্লিষ্ট কমিটিকে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানাই এবং তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।’
kalprakash.com/IM