কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণে সেচ প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে সরকারপ্রধান বলেন, যারা সমালোচনা করছে, তারা নারী নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না, জীবনও শেষ করছে। এই গোষ্ঠী সব সময় দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নির্বাচনী আসন ও নিজের নানাবাড়ি ফেনীর পরশুরামে পৌঁছালে স্থানীয় জনগণ তাঁকে বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান। জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় নিজেকে এই অঞ্চলের নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এ অঞ্চলে সফরের স্মৃতিচারণও করেন তিনি।
২৪-এর বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এখনো বর্ষা মৌসুমে বানের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন তাঁরা। দীর্ঘদিনের এ সংকট মোকাবিলায় মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প অনুমোদন করেছে একনেক। বৃহস্পতিবার সকালে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
পরে স্থানীয় মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন সরকারপ্রধান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
এ সময় ২০ কোটি মানুষের দেশে কিছু দুষ্টুলোক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার সর্বশক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিতে কাজ করছে। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এসব ঘটনা কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন বিএনপির নয়, দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন।
kalprakash.com/IM