মাদারীপুরের শিবচর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের দোতারা হাজী ইয়াসিন মোল্লার কান্দি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবচর থানার পদ্মাসেতু দক্ষিণ এলাকার হাজী নকড়ী মাদবর কান্দির মৃত শাহজাহান শেখের ছেলে মজিবুর রহমান (২৭), উকিল উদ্দীন মুন্সির কান্দির মৃত বাচ্চু মাদবরের ছেলে মাসুদ রানা (২৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার উত্তর খোসাল শিকদারের কান্দির ইসমাইল হোসেনের ছেলে আদি মাহমুদ হিমেল (২৫)।
অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় লিটনের বালু বিক্রয়কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ ভূইয়াবাড়ীর মিজান সরদারের ছেলে জাহিদ সরদার (২৮), টুবিয়া এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে মাসুদ বেপারী (৩৬) এবং চর হোগলপাতিয়া এলাকার কিবরিয়া খলিফার ছেলে রুবেল খলিফা (৩২)।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM