অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে। এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, তা বিবেচনায় নিয়ে তিনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সর্বোচ্চ চেষ্টা করছেন। বাহিনীও চেষ্টা করছে। তাঁরা ভালো কাজ করছেন বলে সরকার মনে করে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এখনো কিছু ঘটনা ঘটছে এবং কারও কারও দায়িত্বে অবহেলা রয়েছে বলে স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘যেখানে যেখানে ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমানে অপরাধের সংখ্যা কম বলেও দাবি করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করার কারণ হলো, ৫ আগস্টের পর থেকে ধ্বংসপ্রাপ্ত বা বিধ্বস্ত পুলিশকে তাঁরা দেখছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে এক ধরনের নৈরাজ্য ছিল জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আগে অ্যানার্কি মনে হতো। যেমন, দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় ঘোষণা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ঘোষণা দেওয়া হয়েছে। একটি নিষ্ক্রিয় বাহিনী কিছুই করার চেষ্টা করেনি। কোনো পত্রিকার মতাদর্শ নিয়ে কারও দ্বিমত থাকতে পারে, কিন্তু ঘোষণা দিয়ে কাজটি করা হলো, আর তাঁরা নিষ্ক্রিয়তা দেখেছেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙতে দেখা গেছে। প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে ফুটবল খেলা যাবে না। অসংখ্য নাটক ও মেলা বন্ধ হয়েছে।
বর্তমান সরকারের সময়েও কিছু নৈরাজ্য হয়েছে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, এ সময়ে দুই-তিনটি ঘটনা ঘটেছে, যা ঘটা উচিত হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতি অনেক ভালো।
এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের বিষয়ে এগিয়ে যাবে।
সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে বলে সরকার আশাবাদী বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
kalprakash.com/IM