ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করা হয়েছে।
কমিটি আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগসুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বৈঠকে বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
বৈঠকে বিগত ছয় মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা এবং মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে তাঁদের প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM