সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রদান ঘিরে ভিত্তিহীন তথ্য বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংস্থাটির দাবি, উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সংক্রান্ত কার্যক্রম একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্ত্রণালয় লক্ষ করছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
kalprakash.com/IM