রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিনা বাজারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
পুলিশের তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিলকারীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে অল্প সময়ের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমান্তবর্তী এলাকায়। বিস্ফোরণের সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটিকা মিছিলটি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে সাত মসজিদ রোড এলাকা থেকে শুরু হয়ে ইবনে সিনা হাসপাতাল হয়ে ধানমন্ডির বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। ওই মিছিলের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের কথাও উল্লেখ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ইবনে মিজান।
তবে মিনা বাজারের সামনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ আটক তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।