বাংলাদেশ ও ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ (Bilateral Consultation Mechanism) প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক সইয়ের পর হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ ও জি-৭৭সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আগ্রহ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সমঝোতা স্মারক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, কারিগরি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত মতবিনিময়ের জন্যও এই দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।