প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রত্যেককে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার এলাকা যেন এডিস মশার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকে, সে জন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউটসহ সব অংশীজনকে যুক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য রংপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ টি এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা।
kalprakash.com/IM