কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের ২১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিভাগটির ২০৮ নম্বর শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন অনুভূতি প্রকাশ করে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে তিনি খুবই গর্বিত। আজ শুধু একটি ডিগ্রি অর্জনের শুরু নয়, বরং একটি সুন্দর যাত্রারও শুরু হয়েছে। এখানে অর্জিত শিক্ষা ও জ্ঞান ভবিষ্যতে সমাজের পরিবর্তনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সবাই একসঙ্গে শিখে, জেনে ও সফলতার শিখরে পৌঁছানোর আশাবাদ জানান।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বিভাগ। এ বিভাগে সাহিত্য ও ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানকে জীবনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। সংগ্রাম, জ্ঞান ও একাগ্রতা জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি। শিক্ষার্থীদের শুধু দেশের নাগরিক হিসেবে নয়, বরং বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য হয়ে উঠতে হবে।
kalprakash.com/IM