রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ৭০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ২০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত করা এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে।
kalprakash.com/IM