মাঠপর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইসের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা প্রদান করা হয়। পরিপত্রে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ জেলার আওতাধীন সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত তদারকি নিশ্চিত করতে বলা হয়েছে।
এতে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স কার্যক্রমসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মাঠপর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ও যথাসময়ে কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে দ্রুততম সময়ে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করতে হবে। একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রটির অনুলিপি সব বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এটি সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং সেবার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
kalprakash.com/IM