ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বর্ণাঢ্য কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে সাত দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না; সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা স্বচ্ছ পানি, ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে যুবদলের নেতাকর্মীদের মাঠে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন মোড় ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ প্রয়োগ করেন দলীয় নেতাকর্মীরা।
kalprakash.com/IM