রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ভ্যানযোগে গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মুঠোফোনে ধারণ করায় দুই স্থানীয় যুবককে মারধরের অভিযোগও উঠেছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় মেসার্স নূর ট্রেডার্সের গোডাউনটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি)। তবে গোডাউনটি সিলগালা থাকায় সেখানে ঠিক কত বস্তা চাল পাওয়া গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। অভিযোগ রয়েছে, পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়।
গোডাউনটির মালিক আবদুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা।
এ বিষয়ে গোডাউন মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন।
সরকারি চাল কীভাবে ওই ব্যক্তিমালিকানাধীন গোডাউনে গেল, এর সঙ্গে কারা জড়িত এবং সেখানে কত পরিমাণ চাল ছিল—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।