রাজধানীর মহাখালী ও ধানমন্ডি এলাকায় পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট সাতটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে এ দুটি স্থানে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার সংবাদ পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীর পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
অন্যদিকে, আজ সকালেই রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে ধানমন্ডির ঘটনাতেও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উভয় স্থানেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জোর তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
kalprakash.com/IM